৪ ফেব্রুয়ারি ২০১৬ - ১৭:৫৮
মুক্ত হল শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহর

শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহরের অবরোধ ভেঙ্গে ফেললো সিরিয় বাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ার বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহরকে সন্ত্রাসীদের অবরোধ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে সিরিয় বাহিনী।

আলেপ্পো শহরের উত্তরে অবস্থিত ‘মা’রাসাতুল খান’ গ্রামটি মুক্ত করার সাথে সাথে নাবাল ও আয-যাহরা শহরের অবরোধ ভেঙ্গে যায়।

মা’রাসাতুল খান গ্রামে সন্ত্রাসীদের প্রতিরোধ ভেঙ্গে দেয়ার পর নাবাল ও আয-যাহরা’র গণবাহিনীর সাথে সাক্ষাত হয়েছে সিরিয় বাহিনীর।

এদিকে, মা’রাসাতুল খান গ্রামে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা নিস্ক্রিয় করার কাজ ইতিমধ্যে শুরু করেছে বোমা স্কোয়াড।

নাবাল ও আয-যাহরা সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হওয়ার পর শহর দু’টিতে খুশীর জোয়ার বইছে। অবশ্য এ দু’টি অঞ্চলের আশেপাশে এখনো তীব্র লড়াই চলছে।

উল্লেখ্য, ৬০ হাজারেরও অধিক বারো ইমামি শিয়াদের বসবাসস্থল নাবাল ও আয-যাহরা। শহর দু’টিকে দীর্ঘ ৩ বছর যাবত অবরুদ্ধ করে রেখেছিল তাকফিরি সন্ত্রাসীরা।#